আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাকে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত এসআই (সশস্ত্র) জনাব আলমগীর হোসেন ভূঁইয়া আজ সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে তিনি শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।
মরহুম আলমগীর হোসেন ভূঁইয়ার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন। ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করে দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা পুলিশ পরিবার শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।