জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ক্ষেতলালে জমি নিয়ে বিরোধের প্রতিবেদন পক্ষপাতমূলক দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে। গত রোববার ( ২৪ আগষ্ট) দুপুরে ক্ষেতলাল থানা মোড় এলাকায় একটি অফিসে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী পৌর সদরের দিঘীপাড়া মহল্লার রনজিৎ চন্দ্র দেবনাথ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের ভোগদখলীয় প্রায় ১৩ শতক জমি নিয়ে আদালতে মামলা চলমান। মামলা নং- ১৯৮পি/২০২৫ (জয়ঃ)। ওই মামলার তদন্তের দায়িত্বে থাকা ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা গত ১৯ আগস্ট সরেজমিন তদন্তে যান।
রনজিৎ চন্দ্র দেবনাথ বলেন, তদন্তকালে ৬ জন সাক্ষীর মধ্যে ৪ জনই আমাদের দখলে জমি রয়েছে বলে স্বাক্ষ্য দেন। যার মৌজা- ক্ষেতলাল, সিএস খতিয়ান ১৩৮৩, এমআর ১৮২২, আরএস ২৯৩১, খারিজি খতিয়ান নং- ২৫-৭৯০৯, সাবেক দাগ নং ৮৯০ হাল দাগ নং- ১০০২৩ জমির পরিমাণ- ১৩.২৫ শতক। কিন্তু বাদীপক্ষের মাত্র দুইজন সাক্ষীর ভিত্তিতে প্রভাবিত হয়ে প্রতিবেদন দেন ভূমি কর্মকর্তা।
তিনি অভিযোগে আরও বলেন, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা ১৯/০৮/২০২৫ তারিখে সরেজমিনে সাক্ষ্য গ্রহণ করেন। অথচ তদন্ত প্রতিবেদনে তারিখ দেখানো হয়েছে ১৮/০৮/২০২৫। আমরা এতিম, আমাদের বাবার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। আমরা ন্যায়বিচার চাই। একই সাথে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন রনজিৎ।
এ ব্যাপারে জানতে ভূমি অফিসে গিয়ে সহকারী কমিশনার জিন্নাতুল আরাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।