প্রতিবেদক,মৌলভীবাজার;
“আপনারা চাইলে ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে পারেন, তাহলে ইউনিয়ন দুর্নীতিমুক্ত হবেই।” সীমান্তবর্তী ইউনিয়নের চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, “চোরা চালান ও মানব পাচার বন্ধ করতে আপনাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।”
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সভাটির আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন—গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে।গ্রাম আদালত সম্পর্কে জানাতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।মানুষ যাতে ইউনিয়ন পরিষদ পর্যায়ে দ্রুত ও সঠিক বিচার পায়, সে বিষয়ে চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।
তিনি উল্লেখ করেন, গ্রাম আদালতে বিচার না পেয়ে মানুষ নিয়মিত আদালতের শরণাপন্ন হয়। এতে মামলার সংখ্যা বাড়ছে, বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের আন্তরিক অংশগ্রহণ।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) আসিফ মহিউদ্দীন পিপিএম।
অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।
এ সময় প্রকল্প মূল্যায়ন কর্মকর্তা হোসেন শাহাদাত হোসেন, উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন, সাংবাদিক এবং জেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।