মোফাদ আহমদ মুরাদ-মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লীর দাসত্ব করতে নয়। ভারত সরকারকে বুঝতে হবে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এটা ভূটান কিংবা সিকিম নয়। এটা ভারতের কোন প্রদেশও নয়। যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে। ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় উগ্রবাদীরা। মরিয়া হয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ত্রিশ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের স্বাধীনতা অক্ষূন্ন রাখতে এদেশের ছাত্র-জনতারাই যথেষ্ট।
ভারতে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে এবং দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গীগোষ্ঠীর হামলার প্রতিবাদে মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে এ কথা বলেন তিনি।
এ সময় জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীর অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল শহরের চৌমোহনা থেকে বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কে সমাবেশে করে তারা।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালি সিদ্দিকি, আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকশি মিছবাহউর রহমান, আব্দুল হক, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, আবুল কালাম বেলাল, গাজী মারূফ আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
ফয়জুল করিম ময়ূন বলেন, আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এধরনের নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ এর সুস্পষ্ট লঙ্ঘন। ভারতীয় সরকার হামলার জন্য দুঃখ প্রকাশের নাটক করলেও, অতীতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে, যা আরও ক্ষোভের সৃষ্টি করেছে। ভারতের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী আমাদের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়া। আমরা ভারতের উগ্রবাদীদের বলব- আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সঙ্গে। সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্যে শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে। তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান বলেন, এই স্বৈরাচারীনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে, ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। দীর্ঘ সাড়ে পনেরো বছর লুটপাট জুলুম নির্যাতন করে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই টাকা খরচ করে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশ জনগণ প্রস্তুত রয়েছে।