
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর নামক স্থানে হাসান জমাদ্দার নামে ১ পুলিশ সদস্যেকে কুপিয়ে আহত করেছে দৃর্বৃত্তরা। দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মো. রজব আলী জানান, আহত হাসান জমাদ্দার এই থানায় সাড়ে ৩ বছর যাবত ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। কিছু দিন পূর্বে সে এই থানা থেকে ৬ কিমি দূরে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বদলি হয়। জানা যায়, গতকাল বিকেলে সেখানে যোগদান করে তার বাসা দাউদকান্দি বলদাখাল নামক স্থানে ফেরার পথে এ সন্ত্রাসীদের হাতে মর্মান্তিকভাবে জখম হয়।
জানা যায়, গত রাত (২৮ নভেম্বর) অনুমান সাড়ে ৮ টায় একদল দুর্বৃত্ত হাসান জমাদ্দারকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় পরে সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অত্র থানার আরেক কর্মকর্তা জানান, আহত হাসান জমাদ্দার এই থানায় দীর্ঘদিন কর্মরত থাকায় সে অপরাধীদের সকল আস্তানা চিনেন এবং জানেন। আবার নতুন করে বদলি হয়েছেন একই থানা এলাকায়। এই থানায় নতুন যোগদান করা কর্মকর্তাদের তিনি সে স্পট গুলোকে চিনিয়ে দিয়ে অপরাধীদের অসুবিধায় ফেলে দেন। সে কারণেও তাকে কোপানো হতে পারে বলে তাদের ধারণা।
গোরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আহত হাসান জমাদ্দার সবে মাত্র কাল আমার এখানে যোগদান করেছে এবং কাল রাতেই এ ঘটনা। আমি না জেনে এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে যারাই এ ঘটনা ঘটাক না কেন তাদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ প্রসঙ্গে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।