নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কানাইখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সমজান সদর উপজেলার মদনহাট গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে। নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, বিকেলে শহরের কানাইখালি এলাকায় একটি ভবনের চারতলায় নির্মাণ কাজ করছিলেন সমজান। এ সময় একটি লোহার রড নিয়ে যাওয়ার সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে নিচে পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমজানকে উদ্ধার নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।