হিন্দু পল্লীর ঘটনা রসিক নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না: নির্বাচন কমিশনার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জঙ্গি হামলার বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, বাংলাদেশে এখন জঙ্গিদের তৎপরতা নেই এবং সম্প্রতি রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু পল্লীতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তা-বের ঘটনাও এ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আরো বলেন, এরপরেও রসিক নির্বাচন ঘিরে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সবধরণের প্রস্তুতি গ্রহণ করছি। নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি কেন্দ্রে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহার করা হতে পারে বলেও জানান তিনি।
এর আগে রংপুর সিটি করপোরেশন নির্বাচন-২০১৭ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রফিকুল ইসলাম। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনসহ সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।