রাহাত হোসাইন মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার দশম শ্রেণির শুকতারা আক্তার নামে এক ছাত্রীর
উপর হামলা করেছে দুবৃর্ত্তরা। গুরুত্বর আহত অবস্থায় ছাত্রীকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুকতারা কালকিনি উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে।পারিবারিক সূত্র জানা যায়, কালকিনি উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এবছরের এসএসসি পরীক্ষার্থী শুকতারা সকাল ৭টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে স্কুলের শিক্ষক জালাল উদ্দিনের বাসায় রওনা করে। পথিমধ্যে মুখোশ পরা দুটি ছেলে অতর্কিত ভাবে শুকতারার উপর হামলা করে। এসময় তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি শুকতারা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শুকতারার চাচা মো. রফিকুল ইসলাম জানান, কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের রুপন আকন নামে এক প্রবাসীর সাথে মোবাইল ফোনে এক বছর পূর্বে আংটি পড়ানো হয়। পরে শুকতারা পরিবারের খবর নিয়ে জানতে পারে প্রবাসী ছেলের যে বিবরণ দেয়া হয়েছে তার সাথে বাস্তবে কোন মিল নেই। ছেলের বয়স অনেক বেশি এবং দেখতে কালো ও মোটা। তাই পাত্রকে পছন্দ না হওয়া পাত্রদের আংটি ফেরত দেওয়া হয়। এরই আক্রোশে রুপন আকন ও তার পরিবারের সদস্যরা শুকতারার উপর হামলা করেছে।কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম জানান, শুকতারার মাথা ও শরীরের বেশ কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকবার বমি করায় মাথার আঘাত বোঝার জন্য সিটিস্ক্যান প্রয়োজন। তাই শুকতারাকে আমরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন জানান, এক বছর পূর্বে শুকতারার সাথে মোবাইল ফোনে এক প্রবাসীর বিবাহ হয়। কিন্তু বিয়ের সময় পাত্রের যে বর্ণনা দেয়া হয়েছে বাস্তবে তা মিল না থাকায় ৪ মাস পূর্বে শুকতারা বিবাহ বিচ্ছেদ করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, শুকতারা সাথে বৈবাহিক বিষয় নিয়ে ঘটনা ঘটতে পারে।পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, শুকতারা আমাদের বিদ্যালয়ের এবছরের এসএসসি পরীক্ষার্থী। তার উপর হামলার নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ জানুয়ারি ২০১৯/ইকবাল