খালেদ-নাঈম ইমার্জিং কাপের বাংলাদেশ দলে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান জায়গা পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দলে। টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জাতীয় দল থেকে বাদ পড়া কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
৮ দলের টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা হবে দুটি দেশে। বাংলোদেশ আছে ‘বি’ গ্রুপে, যে গ্রুপের খেলা হবে পাকিস্তানের করাচিতে। ‘এ’ গ্রুপের খেলা হবে শ্রীলঙ্কার কলম্বোতে।
এই টুর্নামেন্টে অংশ নেয় মূলত অনূর্ধ্ব-২৩ দল। তবে ২৩ বছরের বেশি বয়সী খেলতে পারেন চারজন। বাংলাদেশ দলে সোহান ছাড়া বেশি বয়সী অন্য তিনজন ওপেনার মিজানুর রহমান, দুই পেসার খালেদ ও শফিউল ইসলাম।
জাতীয় দলে জায়গা হারানো মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত আছেন ইমার্জিং কাপের দলে। টুর্নামেন্টে অধিনায়ক সোহানের সহকারী মোসাদ্দেক।
বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে এখন ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটের নিয়মিত মুথ হয়ে ওঠা ক্রিকেটারদের দলে খানিকটা চমক বলা যায় দুটি নাম। তরুণ পেসার মোহর শেখ ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
২২ বছর বয়সী তানভীর গত ঢাকা লিগে খেলাঘর সমাজকল্যান সমিতির হয়ে ১৬ ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট। এবার জাতীয় লিগে খেলেছেন বরিশালের হয়ে।
রাজশাহীর একটি ক্রিকেট একাডেমি থেকে গত মাসেই মোহর শেখের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রাজশাহীর হয়ে। অভিষেকে নিয়েছিলেন তিন উইকেট। ২১ বছর বয়সী পেসার এরপর হুট করেই জায়গা পেয়ে যান জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে। এরপর জাতীয় লিগের সবশেষ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।
খালেদ, শফিউল, মোহর, ছাড়াও দলে বিশেষজ্ঞ পেসার আছেন আরও ২ জন, দুই প্রতিভাবান পেসার শরিফুল হক ও কাজি অনিক ইসলাম।
আগামী বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট। পরদিন বাংলাদেশের প্রতিপক্ষ হংক। ৯ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ‘এ’ গ্র্রুপে আছে শ্রীলঙ্কা, ভারত, ওমান ও আফগানিস্তান।
পাকিস্তান সফরে যেতে ভারত রাজি নয় বলেই মূলত দুই গ্রুপের খেলা হচ্ছে দুটি দেশে। সেমি-ফাইনাল ও ফাইনাল হবে কলম্বোতে। দুই গ্রুপের শীর্ষ চার দলকে নিয়ে সেমিফাইনাল ১৩ ডিসেম্বর। ফাইনাল ১৫ ডিসেম্বর।
ইমার্জিং এশিয়া কাপের গত আসর হয়েছিল গত বছর বাংলাদেশে। সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। লঙ্কানরা পরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জিতেছিল শিরোপা।
বাংলাদেশ দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজি অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মোহর শেখ।