ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ফল এলো না। ফলে ক্রোয়েশিয়া ও ডেনমার্কের মধ্যকার ম্যাচটিও টাইব্রেকারে গড়ালো। এরআগে রোববার দিনের প্রথম ম্যাচটিও টাইব্রেকারে গড়ায়। সেখানে স্পেনকে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটে রাশিয়া।
শুরুটা যেমন ছিল, তাতে নিজনি নভগোরোদে তো গোলের বন্যাই বয়ে যাওয়ার কথা। মাত্র ৪ মিনিটের মধ্যে ডেনমার্ক ও ক্রোয়েশিয়া ১টি করে গোল করে ফেলল। কিন্তু পরে গল্পটা আর সেরকম হলো না। দুই দলের কেউই আর গোলের দেখা পেল না। ১-১ গোলে সমতায় শেষ হলো নির্ধারিত ৯০ মিনিটের খেলা। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। কিন্তু লুকা মড্রিচ সেখান থেকে গোল করতে ব্যর্থ হন।
তবে ম্যাচের শুরুটা ছিল অন্যরকম। কিক অফের পর চোখের পলকের যেন গোল আদায় করে নিল ডেনমার্ক। ৫৭ সেকেন্ডের মাথায় গোল করেন ম্যাথিয়াস জোরগেনসেন। এবারের বিশ্বকাপে যা সবচেয়ে দ্রুততম গোল। এরপর ক্রোয়েশিয়ার পক্ষে সমতা এনেছেন মারিও মান্দজুকিচ। বিশ্বকাপে চার মিনিটের মধ্যে দুই দলেরই গোল করার ঘটনা ঘটল এই নিয়ে দ্বিতীয়বার। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচে যা প্রথম ঘটেছিল।
‘ডি’ গ্রুপ থেকে সেরা হয়ে শেষ ষোলোতে উঠে আসে ক্রোয়েশিয়া। অন্যদিকে ‘সি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে উঠে ডেনমার্ক। দুই দলের মধ্যে যে দল জিতবে কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক রাশিয়া। যারা রোববার টাইব্রেকারে স্পেনকে হারিয়ে সেরা আটের টিকিট কেটেছে।