সিটি নির্বাচন: রাজশাহীতে ৫ মেয়র প্রার্থী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাই শেষে গতকাল রোববার রিটানিং কর্মকর্তা আমিরুল ইসলাম পাঁচ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তফসিল অনুযায়ী গত ২৮ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ছয় প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুরাদ মোর্শেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ে ভুয়া সমর্থকের স্বাক্ষর দেয়ায় মুরাদ মোর্শেদের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানান সহকারী রিটানিং কর্মকর্তা আতিয়ার রহমান।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী স্বতন্ত্রপ্রার্থী হতে ৩০০ সমর্থকের স্বাক্ষর প্রয়োজন। সমর্থক তালিকার ফরম পূরণ করা হলেও নাম অনুসারে বেশ কিছু স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধতা পাওয়া পাঁচ প্রার্থী হলেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির ওয়াশিউর রহমান দোলন, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও ইসলামি আন্দোলনের সফিকুল ইসলাম। তফসিল অনুসারে আগামি ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ জুলাই প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ আগামি ৩০ জুলাই।