জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে গরুর পাট খাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মালিপাড়া গ্রামের তারা মিয়ার গরু প্রতিবেশী জুরন আলীর ক্ষেতে পাট খায়। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা ও বিরোধ বাধে। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে হাফিজুর রহমান (২৮), রঞ্জু মিয়া (৩৫), চান মিয়া (৬০), তারা মিয়া (৫০), রোকেয়া বেগম (৫৫), জীম আক্তার (৩৭), মহর আলী (৪৫), সাবান আলী (৪৮), কাবিল উদ্দিন (৬২), ফরহাদ (১৮), দেলোয়ারা বেগম (৫০), রোজিনা বেগম (৩০), মর্জিনা বেগম (৪৫) ও আমিনুর রহমানকে (২৫) সরিষাবাড়ী হাসপাতালে এবং মজিবর রহমান (৬০), চামেলি বেগমকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৫জুন ২০১৮/ইকবাল