অপহৃত সোনালী রায়কে ৪৬ দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি
দিনাজপুর প্রতিনিধি

অপহরণ হয়ে যাওয়া ৭ম শ্রেণীর ছাত্রী সোনালী রায়কে কোতয়ালী পুলিশ ৪৬ দিনেও উদ্ধার করতে পারেনি। তার পিতা মেয়েকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।
কোতয়ালী থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়ন দক্ষিণ ভবানীপুর গ্রামের গরীব-অসহায় কৃষক শ্রী পুলিন চন্দ্র রায়-এর নাবালিকা কন্যা বড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সোনালী রায়কে গত ১৪ এপ্রিল তার বড় বোন অসুস্থ রূপালী রায় দিনাজপুর শহরের শাহানা ক্লিনিকে দেখতে আসে। সেখান থেকে দুপুর ১টার দিকে দক্ষিণ সাদিপুর (মাগুরমারী) গ্রামের মোঃ জয়নালের পুত্র মোঃ রবিউল ইসলাম, দক্ষিণ মহেষপুর গ্রামের রবিন চন্দ্র রায় এর পুত্র পঞ্চম রায়, দক্ষিণ সাদিপুর গ্রামের মোঃ সেলিমসহ অজ্ঞাতনামা ৪-৫ জন সোনালী রায়কে জোরপূর্বক সাদা মাইক্রোবাস যোগে তুলে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও তাকে না পেলে তার পিতা বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে, মামলা নং-৬০। সোনালী রায়-এর পিতা পুলিন চন্দ্র রায় জানান, এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। অথচ কেউ আমার মেয়েকে এখন পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেনি। উল্লেখ্য, উক্ত মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছেন এস,আই নয়ন চন্দ্র রায়।