March 23, 2026, 10:12 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রেলওয়ের লোকসান

রেলওয়ের লোকসান


লোকসানের খাতা থেকে নাম কাটাতেই পারছে না রেলওয়ে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বেশ কিছু রেলপথ (মোট ৩০০ কিলোমিটার) বন্ধ হয়েছে বা তুলে দেওয়া হয়েছে।ট্রেনের সংখ্যাও কমেছিল। কিন্তু লোকসানমুক্ত করা যায়নি। পরে কিছু নতুন রেললাইন হয়েছে, বন্ধ থাকা কিছু পথ খুলেছে, ঢাকা-চট্টগ্রাম রুটে কিছু অংশ বাদে ডাবল লাইন হয়েছে। ট্রেনের সংখ্যাও বেড়েছে, নতুন কোচ, ইঞ্জিন যুক্ত হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহন বেড়েছে। ভাড়া বেড়েছে, ফলে আয়ও বেড়েছে। কিন্তু সামগ্রিক বিচারে লোকসান বন্ধ হয়নি, বরং বছর বছর তা বাড়ছেই।
বাংলাদেশ রেলওয়ের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে লোকসান হয়েছে এক হাজার ২২৫ কোটি ৯২ লাখ টাকা। আগের অর্থবছরে (২০১৫-১৬) লোকসান ছিল এক হাজার ২০৫ কোটি ৪৩ লাখ টাকা।২০১৪-১৫ সালে ৮৭১ কোটি ১৫ লাখ টাকা, ২০১৩-১৪ সালে ৮০৩ কোটি টাকা, ২০১২-১৩ সালে ৮৮১ কোটি টাকা এবং ২০১১-১২ সালে এক হাজার ৫০ কোটি টাকা লোকসান ছিল। অর্থাৎ প্রতিবছরই লোকসান বাড়ছে।
নতুন বেতন কাঠামো চালু হওয়ায় ২০১৫-১৬ অর্থবছর থেকে রেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বছরে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় বেড়েছে। তবে এটি লোকসান বাড়ার খুব বড় কারণ নয়। লোকসানের কারণ অন্যত্র খুঁজতে হবে। আন্ত নগর ট্রেনে ভাড়া আদায়ে সমস্যা হয় না, যাত্রীরা সবাই টিকিট কেটেই যায়। কিন্তু লোকাল ট্রেনগুলোতে বিনা ভাড়ায় যাত্রীদের চলাফেরা অব্যাহত রয়েছে। অনেক লোকাল ট্রেনে ভাড়ার যাত্রীর চেয়ে বিনা ভাড়ার যাত্রী বেশি থাকে। এ প্রবণতা বন্ধ করা যাচ্ছে না। পণ্যবাহী ট্রেন বাড়ানোর সুযোগ রয়েছে, তবে সেদিকে কর্তৃপক্ষের নজর কম। বেসরকারি সড়ক পরিবহন মালিকদের সঙ্গে রেলওয়ে কর্মকর্তাদের যোগসাজশ থাকার অভিযোগও রয়েছে। রেলওয়ের প্রচুর সম্পত্তি বেহাত হয়ে আছে। সেসব উদ্ধার করে কাজে লাগানো যাচ্ছে না। অব্যবস্থাপনার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আবার রেলের ভাড়া বাড়াতে বলেছে। দুই দফায় বাড়ানোর পর আবার বাড়ালে সাধারণ যাত্রীদের ওপর চাপ পড়বে। এটি ইতিবাচক প্রস্তাব নয়, অন্তত যাত্রী পরিবহনের ক্ষেত্রে। তবে পণ্য পরিবহনের ভাড়া কিছু বাড়ানো যেতে পারে। বিনা ভাড়ায় চলাচল অবশ্যই বন্ধ করতে হবে। এজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যেতে পারে। রেলওয়ের হিসাবেই বিনা টিকিটে যাত্রী পরিবহন কমিয়ে প্রায় ১০ শতাংশ আয় বাড়ানো সম্ভব। আয়ের অন্য উৎসগুলোর দিকেও নজর দিতে হবে। রেলের জমিতে বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করে আয় বাড়ানো যেতে পারে। নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। সেগুলোর সঙ্গে রেল-সংযোগ গড়ে তুলে বা বাড়িয়ে পণ্য পরিবহন বাবদ আয় বাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ ও সরকার এসব বিষয়ে যত দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে ততই মঙ্গল।

Share Button

     এ জাতীয় আরো খবর