কুমিল্লায় ১৮ মামলার আসামি রুবি গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মাদকসহ ১৮টি বিভিন্ন মামলার আসামি রোকসানা বেগম রুবিকে (৪২) গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কড়ইবাড়ি গ্রামে তার নিজ বাড়ি থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত রোকসানা উপজেলার কড়ইবাড়ি গ্রামের হাবিবুর রহমান জুয়েলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ও প্রতারণাসহ ১৮টি বিভিন্ন মামলার আসামি রুবি তার নিজ বাড়িতে মাদক বিক্রি করছে এমন গোপন খবরের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এসআই নুর মিয়াসহ একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুরাদনগর, বাঙ্গরা বাজার থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদক, প্রতারণাসহ ১৮টি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।