April 4, 2026, 2:48 pm

সংবাদ শিরোনাম
স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা

ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি- রপ্তানি সহ বন্দরের কার্যক্রম

বেনাপোল( যশোর) থেকে এনামুল হকঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ যাবতীয় কার্যক্রম। মঙ্গলবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, ঈদ উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং কাস্টমস ও বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৫ জুন (রবিবার) সকাল থেকে পুনরায় বন্দর কার্যক্রম শুরু হবে।

৪ জুন (বুধবার) বিকেল থেকেই কার্যত পণ্য চলাচল বন্ধ হয়ে যাবে। এ সময় বন্দর, কাস্টমস ও ব্যবসায়ীদের অনেকেই ছুটিতে থাকবেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি-রপ্তানি কার্যক্রম ঈদের ছুটির মধ্যেও সীমিত আকারে চালু রাখার নির্দেশ দিলেও, বাস্তবে ব্যবসায়ীরা ছুটিতে থাকায় কার্যক্রম প্রায় বন্ধই থাকবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। ঈদের আগে-পরে ট্রাক চলাচল বন্ধ ও শ্রমিক সংকট থাকায় পণ্য ডেলিভারিও কার্যত হবে না।

বাংলাদেশে ১২টি স্থলবন্দরের মধ্যে রাজস্ব আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বেনাপোল বন্দর। প্রতিদিন ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক পণ্য আসে এই পথে, যার মাধ্যমে প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়। দীর্ঘ ছুটি শেষে পুনরায় কার্যক্রম শুরু হলে বড় ধরনের পণ্যজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানিয়েছেন, ছুটির সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দর নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যদের পাশাপাশি বেনাপোল পোর্ট থানার সহযোগিতাও নেওয়া হয়েছে। কেউ যদি ছুটির মধ্যেও পণ্য খালাস নিতে চান, তাহলে খালাস দেওয়ার ব্যবস্থাও রাখা হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, ঈদের ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ইমিগ্রেশনে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর