শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশের দ্বাবিংশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন যিনি পদত্যাগী বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার স্থলাভিষিক্ত হলেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়ান। বঙ্গভবনের দরকার হলে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক প্রধান বিচারপতিদের মধ্যে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খায়রুল হক ও বিচারপতি মোজাম্মেল হোসেন, সরকারের কয়েকজন মন্ত্রী, আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বর্তমান বিচারক, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ শেষে শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। রাষ্ট্রপতি আবদুল হামিদ গত শুক্রবার নতুন প্রধান বিচারপতি নিয়োগের আদেশে সই করেন। এর পরপরই পদত্যাগ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা, যিনি অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগ সরকার আমলে নিয়োগ পাওয়া সৈয়দ মাহমুদ হোসেন বিএনপি সরকার আমলে ২০০৩ সালে হাই কোর্টের স্থায়ী বিচারক হন। ২০১১ সালে তিনি আপিল বিভাগের বিচারক পদে উন্নীত হন। সরকারি চাকরির বয়সসীমা অনুযায়ী, ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব চালিয়ে যেতে পারবেন সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে প্রধান বিচারপতির পোশাকে দরবার হলে প্রবেশ করেন বিচারপতি মাহমুদ হোসেন। তার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছান। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া সৈয়দ মাহমুদ হোসেন এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে আইন পেশায় যুক্ত হন। তার দুই বছর পর ওকালতি শুরু করেন হাই কোর্টে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত দুটি সার্চ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি ওয়াহ্হাব মিঞার পদত্যাগের পর আপিল বিভাগে এখন বিচারক হিসেবে বিচারপতি মাহমুদ হোসেনের সঙ্গে আছেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।