দেশে এই প্রথম চিকিৎসকের সহকারী হিসেবে ব্যবহৃত হবে রোবট
ডিটেকটিভ নিউজ ডেস্ক

‘দেশে এই প্রথম চিকিৎসকের সহকারী হিসেবে ব্যবহৃত হবে রোবট। যে রোবটের দেহের মধ্যেই থাকবে চিকিৎসার সাধারণ উপকরণ। যেটি নির্ধারিত চিকিৎসক ছাড়া কেউ ব্যবহার করতে পারবেনা। ওইসব চিকিৎসকের ম্যাসেজ পাওয়া মাত্রই রোবট অনলাইনের মাধ্যমে লোকেশান সার্চ করে নির্দিষ্ট স্থানে গিয়ে হাজির হবে। যা আগামি সপ্তাহে পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ে চালু হতে যাচ্ছে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোগাম এক্সেস টু ইনফরমেশন’র (এটুআই) সহযোগিতায় রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ে (রামেবি) আনুষ্ঠানিকভাবে ইনোভেশন হাবের যাত্রা শুরুর অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় এ তথ্য দিয়েছেন এটুআই’র ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল। এর আগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীতে এই প্রথম ইনোভেশন হাব’র উদ্বোধন ও দিব্যাপী কর্মশালার আনুষ্ঠানিক করেন রামেবি’র উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবীব। উদ্বোধনী বক্তব্যে রামেবি’র ভিসি বলেন, ইনোভেশন হাব-কে গুরুত্বের সাথে নিয়ে দ্রুত চালু করা হয়েছে। কারণ, মেডিকেল সায়েন্স সম্পর্কিতসহ জাতীয় সমস্যার চিহ্নিতকরণ পূর্বক সমাধানের উপায় খুঁজে বের করে হাব।
ইনোভেশন হাব’র মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এ সময় রাজশাহী অঞ্চলের মেডিকেল চিকিৎসায় সকল সমস্যা চিহ্নিতকরণ পূর্বক দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান ভিসি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ার হাবীব, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রামেবি’র ভোকালপার্সন ডা. জাওয়াদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে এটুআই’র প্রতিনিধি লুৎফর রহমান, জান্নাতুন নাইম বন্যা, জাহিদুল ইসলাম, ইফশিতা হুমাইরা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহীতে অবস্থিত ৪টি মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে আলোকপাত করেন।