রংপুর ব্যুরো::

কঠোর নিরাপত্তা, উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজে ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার রংপুর জেলার তিনটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু করে নির্বাচন কমিশন। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকালে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জানাগেছে, তিনটি ইউনিয়নে ১৬ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থী ১২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৪৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করছেন। তিনটি ইউনিয়নে মোট ভোটারের মধ্যে হরিদেবপুরে ভোটার সংখ্যা ২৭ হাজার ২’শ ৯৭ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৬’শ ৫২ জন এবং পুরুষ রয়েছে ১৩ হাজার ৬’শ ৪৫ জন। চন্দনপাট ইউনিয়নে ২৪ হাজার ৮’শ ৫৩ জন ভোটারের মধ্যে নারী ১২ হাজার ৩’শ ৭৫ জন ও পুরুষ রয়েছে ১২ হাজার ৪’শ ৭৮ জন এবং সদ্যপুষ্করিনীতে ২৯ হাজার ৪’শ ১১ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৯’শ ১২ জন ও পুরুষ ভোটার ১৪ হাজার ৪’শ ৯৯ জন। এ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।