আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে ২ এএসআই প্রত্যাহার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রতীকী ছবি
ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া থানার দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্তরা হলেন- এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই রওশন আলী। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিনগত রাতে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ভাড়া করা হাইজ মাইক্রোবাস করে মাহবুবু নামে এক ব্যক্তিকে আটক করে ঘুষ দাবি করেন অভিযুক্ত এএসআইরা। পরে আটক ব্যক্তির স্ত্রী বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের আরেকটি দল তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দুই এএসআইকে প্রত্যাহার করা হয়। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সোর্স রাছেল নামে একজনকে আটক করা হয়েছে।