যশোরে ঘুষের টাকাসহ আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রিমান্ডে
ডিটেকটিভ নিউজ ডেস্ক

যশোরে ঘুষের দুই লাখ টাকাসহ আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উপপরিচালক (ডিডি) নাজমুল কবিরকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে যশোরের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. শাহিনুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১) সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, গত ০৩ জানুয়ারি যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে অফিস চলাকালীন সময়ে অভিযান পরিচালনা করে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। এ সময় যশোরের নাভারণের একটি মদের দোকানের লাইসেন্স নবায়ণের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপপরিচালক নাজমুল কবির ঘুষের দুই লাখ টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা করে দুদক। পরে আদালতের নির্দেশে নাজমুল কবিরকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।